ফেনী প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনীর সোনাগাজীতে কর্মরত সাংবাদিক, বাজার পরিচালনা কমিটি ও স’মিল মালিকদের সঙ্গে সেনা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত সভায় সোনাগাজীর দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সাজ্জাদ বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। কোনো দুষ্কৃতকারী নির্বাচনের পরিবেশ বিনষ্ট বা বানচাল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সেনাবাহিনী, বিজিবি, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ ও আনসার—সব বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ১৫ মিনিটের মধ্যে নির্বাচনী কেন্দ্রে সেনাবাহিনী পৌঁছানোর সক্ষমতা রয়েছে বলেও তিনি জানান। নির্বাচনকালীন দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন সোনাগাজীতে দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আলিফ আল গণি, ফ্লাইট লেফটেন্যান্ট মুবতাসিম, লেফটেন্যান্ট নাফিস, সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম, বিজিবি কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স’মিল মালিক সমিতির সদস্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.