যশোর প্রতিনিধি
যশোর-৪ (বাঘারপাড়া–অভয়নগর ও বসুন্দিয়া) আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মতিয়ার রহমান ফারাজীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
শুনানি শেষে সিভিল জজ মতিউর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থীর আইনজীবী দেবাশীষ দাস।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি বিকেলে অভয়নগরের পাইকপাড়ায় শ্রী শ্রী বীরেশ্বর ফকির বাড়ি মন্দিরে আয়োজিত ‘মতুয়া সম্মেলনে’ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিয়ার রহমান ফারাজী। অনুষ্ঠান চলাকালে তিনি মন্দির কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন। নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী কর্তৃক ধর্মীয় বা সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান বা প্রতিশ্রুতি দেওয়া নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।
বিষয়টি নজরে আসার পর নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি তদন্ত শুরু করে। আদালত সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা পায়। এ ঘটনায় গত ৪ ফেব্রুয়ারি মতিয়ার রহমান ফারাজীকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।
রোববার আদালতে সশরীরে উপস্থিত হয়ে তিনি নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে বিচারক ১০ হাজার টাকা জরিমানা করেন এবং জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে তাকে অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করা হয়।

