কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গ্রাম-পাড়া-মহল্লা, হাট-বাজার এমনকি বাড়ি বাড়ি এখন সরগরম নির্বাচনী প্রচারণায়। কোথাও খিচুড়ি রান্না, কোথাও চা-বিস্কুট আবার কোথাও খোরমা বিতরণ—ভোটারদের কাছে টানতে প্রার্থীদের সমর্থকদের ব্যস্ততা চোখে পড়ার মতো। সব মিলিয়ে পুরো আসনজুড়েই এখন উৎসবমুখর ভোটের আমেজ বিরাজ করছে।
বছরের এই সময়ে কৃষকদের হাতে কাজ তুলনামূলক কম থাকায় তারাও নেতাকর্মীদের আহ্বানে মাঠে-ময়দানে প্রচারণায় অংশ নিচ্ছেন। এলাকা ঘুরে দেখা গেছে, ভোটারদের মুখে এখন একটাই প্রশ্ন—কে হচ্ছেন আগামী দিনের এমপি?
কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসনে এবার স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটের মাঠে মূল লড়াই জমে উঠেছে তিন প্রার্থীর মধ্যে। তারা হলেন—১১ দলীয় ঐক্যজোট সমর্থিত এনসিপির সদস্য সচিব আখতার হোসেন (শাপলা কলি), বিএনপির এমদাদুল হক ভরসা (ধানের শীষ) এবং জাতীয় পার্টির আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান (লাঙ্গল)।
প্রার্থীরা ভোটারদের মন জয়ের জন্য নানা উন্নয়ন প্রতিশ্রুতির পাশাপাশি বিভিন্ন কর্মসূচি চালাচ্ছেন। দিন-রাত প্রচারণা চালিয়ে ভোট টানতে ব্যস্ত নেতাকর্মীরা। ভোটারদের মধ্যেও চলছে হিসাব-নিকাশ।
এলাকার অনেক ভোটার মনে করছেন, তারুণ্যের জোয়ার ও জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক হিসেবে শাপলা কলি প্রতীকের আখতার হোসেনের জয়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কেউ কেউ বলছেন, দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে না পারার অভিজ্ঞতার কারণে নিরপেক্ষ ভোট হলে ধানের শীষের প্রার্থী এমদাদুল হক ভরসা বিপুল ভোটে জয়ী হতে পারেন। আবার জাতীয় পার্টির সমর্থকদের দাবি, এরশাদপন্থী ভোটারদের সমর্থনে লাঙ্গল প্রতীকের শাহ্ মাহবুবার রহমানই জয়ী হবেন।
সব মিলিয়ে রংপুর-৪ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। এখন দেখার পালা—আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কার ভাগ্য খুলবে এবং কে পরবেন বিজয়ের মালা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.