নরসিংদী প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নরসিংদীতে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারী) জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় প্রশাসন, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপির কর্মকর্তারা অংশ নেন।
সভায় নির্বাচনকে কেন্দ্র করে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা, মাঠপর্যায়ে দায়িত্ব বণ্টন, টহল জোরদার, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নরসিংদীবাসী যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে যৌথ বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে।
সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন ৯ সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শামীম রহমান, ১২ ল্যান্সারস রায়পুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল মোঃ আবু বকর, নরসিংদী আর্মি ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মোঃ রায়হান মোস্তাফিজ, ৬৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ কলিমুল্লাহ, জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি) এস.এম আকতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন চন্দ্র সরকার, র্যাব-১১-এর ক্যাম্প কমান্ডার মোঃ আরিফুল ইসলাম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সামিনা তানীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভা শেষে আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানানো হয়। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ টহল কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে ভোটগ্রহণের দিন কেন্দ্র ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় নরসিংদীতে একটি উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.