চুয়াডাঙ্গা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধানের শীষের মনোনীত প্রার্থী শরিফুজ্জামান শরিফ।
সমাবেশকে ঘিরে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আশপাশের এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।
প্রধান অতিথির বক্তব্যে শরিফুজ্জামান শরিফ বলেন, “যারা স্বাধীনতাকে অস্বীকার করে এমন একটি দল আজ স্বাধীন বাংলাদেশে রাজত্ব কায়েম করতে চায়। সাধারণ জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে রুখে দিতে হবে।” তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, কর্নেল কামরুজ্জামানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন সমন্বয়করা। এছাড়া চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, জেলা প্রচার দলের সিনিয়র সহ-সভাপতি মো. রাজিবুল হাসান, সহসভাপতি শাহিন মৃধা, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক তৌহিদ হাসান, প্রচার সম্পাদক এস.এম. জুয়েল রানা, তথ্য ও গবেষণা সম্পাদক মিলন হোসেন, ক্রীড়া সম্পাদক জিনারুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, যুব ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাঈমুর রহমান, সদস্য মো. হুসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

