ফরিদপুর প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব ধরনের শঙ্কা উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো অবকাশ নেই। একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নিয়ে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় এ সভা অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, “ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। আপনারা (গণমাধ্যম ও জনগণ) সহযোগিতা করবেন; কোথাও কোনো অনিয়ম দেখলে আমাদের জানাবেন, আমরা তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেব।”
তিনি আরও বলেন, এবারের নির্বাচন শুধু সুষ্ঠুই নয়, বরং একটি বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকারের দৃঢ় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচনের প্রতিটি স্তরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

