আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যৌথ বাহিনীর সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মহড়া পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মহড়ায় ভোটকেন্দ্রকে ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জরুরি মুহূর্তে দ্রুত পদক্ষেপ গ্রহণের বিভিন্ন কৌশল বাস্তবভিত্তিকভাবে প্রদর্শন করা হয়। এতে সেনাবাহিনী, পুলিশসহ যৌথ বাহিনীর বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে।
পরিদর্শনকালে কর্মকর্তারা জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি জোরদার করতে এ ধরনের মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা আরও শক্তিশালী হবে।
তারা আরও বলেন, যৌথ বাহিনীর সক্রিয় উপস্থিতি ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা বৃদ্ধি করবে। যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে যৌথ বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান তারা।
এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনকালীন সময়ে সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

