দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ দৌলতপুর উপজেলার নির্বাচনী বেইজ ক্যাম্প (বাগোয়ান কে সি ভি এন উচ্চ বিদ্যালয়) থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে ফিলিপনগর চরসাদিপুর গ্রামের সড়কে টহল দল তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
আটকরা হলেন— উপজেলার হোসেনাবাদ গ্রামের মৃত আতাহার আলীর ছেলে মো. জামাল উদ্দিন (৩৫) এবং ফিলিপনগর দফাদারপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. রাকিব হাসান (২২)। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক সিজার মূল্য ৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
পরে আটক দুই আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

