একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—দৈনিক যায়যায়দিন-এর ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির এবং দৈনিক আমার সংবাদ-এর ছাতক প্রতিনিধি মোশাঈদ আলী। তারা বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারা ছাতক থেকে মোটরসাইকেলযোগে সুনামগঞ্জ জেলা শহরের দিকে যাচ্ছিলেন। বাহাদুরপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে তারা দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে অফিসিয়াল পাস কার্ড সংগ্রহ করতে তারা সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হন তারা।
সুনামগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

