দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ব্যাগের ভেতর থেকে ১০টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দী বাজার এলাকা থেকে দুটি ব্যাগে থাকা এসব বস্তু উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের পাশে বালিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র অবস্থিত। জনসমাগমপূর্ণ এ এলাকায় ককটেল সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের এলাকায় সতর্কতা জোরদার করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “উদ্ধার হওয়া ককটেল সদৃশ্য বস্তুগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এগুলো রেখে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.