মেহেরপুর প্রতিনিধি
আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে মেহেরপুর জেলার দুইটি সংসদীয় আসনের ২১৩টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে মেহেরপুর সদর ও গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তারা সিল, প্যাড, অমোচনীয় কালি ও স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নেন। পরে পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তায় এসব সরঞ্জাম নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রে রওনা দেন তারা।
জেলা প্রশাসন জানিয়েছে, জেলার দুই সংসদীয় আসনের ২১৩টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেহেরপুর-১ আসনে সদর উপজেলায় ৯৩টি এবং মুজিবনগর উপজেলায় ৩৩টি ভোটকেন্দ্র রয়েছে। অপরদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে রয়েছে ৯৩টি ভোটকেন্দ্র।
আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলার ২৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর জানান, নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সকাল থেকেই কেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব ও বিজিবি টহল শুরু করেছে। এছাড়া ভোটকেন্দ্র এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল টিমও দায়িত্ব পালন করছে।
ভোটার তথ্য অনুযায়ী, মেহেরপুর-১ আসনে মোট ভোটার ৩ লাখ ১৬ হাজার ৯৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৮৯০ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৮২ জন।
মেহেরপুর-২ (গাংনী) আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৭০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৮৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৫ হাজার ৬১৫ জন।

