যশোর প্রতিনিধি
যশোর শহরের বড় বাজারের হাটচান্নী মার্কেটে শাড়ির ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ আতশবাজি ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে সিহাব মোল্লা নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে তার গুদাম থেকে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সিহাব মোল্লা হাটচান্নী মার্কেটের নিচতলায় “সিহাব বস্ত্রালয়” নামে শাড়ি ও কাপড়ের দোকান পরিচালনা করলেও, মার্কেটের দ্বিতীয় তলায় ভাড়া নেওয়া দুই কক্ষে গোপনে বিস্ফোরকজাতীয় আতশবাজি মজুদ করে রাখতেন। অভিযানে ৫ বস্তা ও ৫ কার্টুন চকলেট বোমা, তারাবাজি, পটকাবাজিসহ বিভিন্ন ধরনের আতশবাজি জব্দ করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিহাব আগে চায়ের দোকান ও ভাজাপোড়ার দোকান চালাতেন। পরে শাড়ির ব্যবসা শুরু করলেও আড়ালে অবৈধ আতশবাজির কারবার চালিয়ে আসছিলেন।
ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গুদামের মালিককে ফোন করে ঘটনাস্থলে আসতে বলা হলেও তিনি ফোন বন্ধ করে দেন। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত আতশবাজি জব্দ করা হয়েছে এবং পলাতক সিহাব মোল্লাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.