ফরিদপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার একদিন আগে, বুধবার বিকেলে ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু) তার লস্কাদিয়াস্থ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আকরাম আলীর পক্ষে রাতের আধারে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “প্রশাসনের কাছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, যার কোনো প্রমাণ নেই। প্রশাসন তদন্ত করলে কোনো ভিত্তি পাওয়া যায় না।”
প্রশাসনের ভূমিকা সম্পর্কে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, “প্রশাসনের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ভোটের মাঠে লেবেল প্লেয়িং ফিল্ড রয়েছে। তবে আজ রাতেও আমার প্রতিদ্বন্দ্বীর পক্ষে টাকা ছড়ানোর আশঙ্কা করছি।” তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
কোন এলাকায় টাকা ছড়ানোর ঘটনা ঘটছে তা জানতে চাইলে তিনি জানান, গতকাল রাতে সালথা এলাকার বিভিন্ন জায়গায় এ ধরনের কর্মকাণ্ড চালানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

