যশোর প্রতিনিধি
যশোর জেলার ৮২৪টি ভোট কেন্দ্র পাহারার ব্যবস্থা করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। ভোটকেন্দ্র দখল ও কারচুপি ঠেকাতে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে এই বিশেষ পাহারার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
যশোরের বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা যায় সেখান দল বেঁধে অবস্থান নিয়েছে যুবদলের নেতাকর্মীরা। তারা জানান, প্রতিটি কেন্দ্রেই টিম গঠন করে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কেন্দ্র দখলের চেষ্টা না ঘটে।
জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা জানিয়েছেন, কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ধ্যা থেকেই নেতাকর্মীরা দায়িত্ব ভাগ করে নিয়েছেন। তিনি নিজে সন্ধ্যার পর বিভিন্ন কেন্দ্রে গিয়ে পাহারার তদারকি করেছেন।
তিনি আরও বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা কেন্দ্রের নিরাপত্তায় অবস্থান নিয়েছি। আগামীকাল নির্বাচনের ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত এই পাহারা পালাক্রমে চলবে।

