পঞ্চগড় জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পঞ্চগড়ের দুটি আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে জেলার ২৮৬টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সকালের শীতের কারণে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারদের ভিড়। বিভিন্ন কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। নারী ও তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
পঞ্চগড় পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নতুন বস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে তানিয়া ফেরদৌস রিমি (৫০) নামে এক ভোটার বলেন, “বিগত কয়েকবার ভোট দিতে পারিনি। আগের চেয়ে এবার পরিবেশ অনেক ভালো। শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি।”
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ (সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া) আসনে মোট ভোটার ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন। এ আসনের ১৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির (প্রতীক: ধানের শীষ) এবং এনসিপি ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সারজিস আলম (প্রতীক: শাপলা কলি)।
অন্যদিকে পঞ্চগড়-2 (বোদা ও দেবীগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৩ জন। ১৩১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এ আসনে বিএনপির ফরহাদ হোসেন আজাদ (প্রতীক: ধানের শীষ) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ শফিউল্লাহ সুফী (প্রতীক: দাঁড়িপাল্লা) মূল প্রতিদ্বন্দ্বী।
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। কেন্দ্রের বাইরে র্যাব ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে মাঠে দায়িত্ব পালন করছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

