নড়াইল প্রতিনিধি
নড়াইলে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরামহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। ভোট শেষ হতে আর দেড় ঘণ্টা বাকি রয়েছে।
নড়াইল-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নড়াইল পৌরসভার উজিরপুর মাধ্যমিক স্কুল কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা ভোটের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। দীর্ঘ সময় পর নিজের ভোট নিজে দেওয়ার সুযোগকে অনেক ভোটার নাগরিক অধিকার ফিরে পাওয়ার আনন্দ হিসেবে দেখছেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুস ছালাম দুপুরে জানান, ভোটগ্রহণের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও তিনি জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় র্যাব-৬, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ১৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ১২৮ জন, নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৩২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

