সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরা-২ (শালিখা-মহম্মদপুর ও সদরের আংশিক) আসনে নির্বাচনী সহিংসতা ও সংঘর্ষের তিক্ত ইতিহাস থাকলেও এবার প্রশাসনের নজিরবিহীন তৎপরতায় অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ব্যালট পেপারের ভোট গণনা শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
নির্বাচনী এলাকার কেন্দ্রগুলো থেকে পাওয়া চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ১০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী এম বি বাকের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮০৭ ভোট। এর ফলে ৩২ হাজার ৩০১ ভোটের বিশাল ব্যবধানে ধানের শীষের জয় নিশ্চিত হয়েছে।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল হাত পাখা প্রতীকে ১৬ হাজার ১১৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯০৮ ভোট।
এবারের নির্বাচনে মাগুরা-২ আসনে নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত সুসংহত। পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রে এবং টহলরত অবস্থায় কঠোরভাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তাসহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষ ও বলিষ্ঠ ভূমিকার কারণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হয়েছে।
মহম্মদপুর ও শালিখা উপজেলার সাধারণ ভোটাররা কোনো ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারায় প্রশাসনের প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেছেন। জয়ের খবর ছড়িয়ে পড়ার পর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ধানের শীষের সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ দেখা দিলেও শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো ধরনের বিজয় পরবর্তী বিশৃঙ্খলা রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এখনো অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.