আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় অর্জন করায় আনন্দ উৎসব বা বিজয় মিছিল থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সেই নির্দেশনার আলোকে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন সংযত পরিবেশে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে।
দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনাসহ দেশ পরিচালনায় সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলা রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামান খসরুর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস।
সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মঈনুল হক কচি, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্লা, পৌর দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ এবং পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরীফ প্রমুখ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামান খসরু তার বক্তব্যে বলেন, “এই বিজয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি জনগণের বিজয়। আমাদের দায়িত্ব এখন আরও বেড়ে গেছে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব বলেন, “দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা সংযত কর্মসূচি পালন করছি। বিজয়ের আনন্দকে দায়িত্ব ও জবাবদিহিতায় রূপ দিতে চাই। জনগণের আস্থা রক্ষাই এখন আমাদের প্রধান লক্ষ্য।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, বিএনপির এই বিজয় গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয়। এখন আমাদের করণীয় সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণে কাজ করা।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান শান্ত ও গম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

