টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারের জ্যেষ্ঠ সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ কবির হোসেন আর নেই। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবারের একাধিক সূত্রে জানা গেছে, মরহুমের ১ম জানাজার নামাজ আজ জোহরবাদ রাজধানীর কলাবাগান মসজিদে ও টুঙ্গিপাড়ার শেখ বাড়ি কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
১৯৪২ সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন শেখ কবির হোসেন। তিনি টুঙ্গিপাড়ার শেখ পরিবারের সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ছিলেন।
তিনি দেশের কর্পোরেট ও বীমা খাতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন সময়ে তিনি,ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান,সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান,সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর চেয়ারম্যান,বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ছিলেন এবং চিকিৎসা খাতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।
শেখ কবির হোসেন শিক্ষা উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। টুঙ্গিপাড়ায় তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুলকে কলেজ পর্যন্ত উন্নীত করা হয় তাঁর উদ্যোগে। তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একজন বিশিষ্ট শিক্ষানুরাগী হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়েছিল।
শেখ পরিবারের প্রবীণ এই সদস্যের মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘ কর্মময় জীবন দেশের বীমা, শিক্ষা ও সামাজিক খাতে স্মরণীয় হয়ে থাকবে।

