Nabadhara
ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে হিন্দুসম্প্রদায়ের মানববন্ধন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন নোয়াখালীর হাতিয়া আসনে হিন্দুসম্প্রদায়সহ বিভিন্ন বাড়িঘরে ১১ দলীয় জোটের লোকজন হামলা-ভাঙচুর ও মারধর করায় ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন করেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড রিয়াজ মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক ভুক্তভোগী অংশ নিয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় তাদের ক্ষয়ক্ষতির বর্ণনা দেন এবং দোষীদের বিচারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভোটের দিন থেকে শুরু করে ফল ঘোষণা পরবর্তী সময় পর্যন্ত ওই এলাকায় এনসিপির সমর্থকরা সোনাদিয়া বাংলাবাজার ও রিয়াজ মার্কেট এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। ফল ঘোষণার পর অন্তত ১০টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। ঘরের ভেতরে ঢুকে গালিগালাজ, লুটপাট এবং গবাদিপশুর ওপর হামলার ঘটনাও ঘটে। এমনকি ভোট শেষের তিন দিন পরও ভুক্তভোগীদের যেখানেই পাওয়া যাচ্ছে, সেখানেই মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন দীপক চন্দ্র দাস, দুর্জয় ধন দাস, প্রিয়াঙ্কা বালা দাস, কাকন চন্দ্র দাস, সহদেব দাস, এমরান, মজনু ও শাহেনাসহ অনেকে।

তারা চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তারা নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

দীপক চন্দ্র দাস বলেন, “ভোটের পরদিন রাতে বাজারে এনসিপির লোকজন আমাকে ও আমার ছেলেকে মারধর করে। তারা বলে—আগে আওয়ামী লীগ করছ, এখন ধানের শীষে ভোট দিয়েছ কেন।”

দুর্জয় ধন দাসের স্ত্রী অভিযোগ করেন, হামলাকারীরা তাদের গবাদিপশু পিটিয়ে আহত করে এবং বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দেয়।

কাকন চন্দ্র দাস জানান, বাজারে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়।

একাধিক নারী ভুক্তভোগী জানান, বিজয় মিছিলের সময় বাড়িতে ঢুকে পুরুষদের টেনে নেওয়ার চেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। অনেকে প্রাণভয়ে ঘর ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন।

হাছান বলে, ওরা বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় আমার বাড়িতে ঢুকে ঘরে আঘাত করেছে,ছাগলটিকে পিটিয়ে গর্ভপাত ঘটিয়েছে। ঘরে ঢুকে আমার স্ত্রীর গলায় থাকা স্বর্নের হার ছিড়ে নিয়ে গেছে।

ভুক্তভোগীদের দাবি, এসব ঘটনায় এনায়েত হোসেন, মহিউদ্দিন, হান্নান ডুবাই, ওছমান ও জহিরুল ইসলামের নেতৃত্বে একটি সংঘবদ্ধ অপরাধচক্র জড়িত। তাদের সহযোগী হিসেবে নাইম, কাওছার, জুয়েল, শাকিব, শুভ, হাসান, সম্পদ, নিশান ও জিটনের নামও উল্লেখ করেন তারা।

এদিকে বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গৌর হরি মাঝি বাড়ির মৃদুল চন্দ্র দাসের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। তিনি জানান, ভোটকেন্দ্রের পাশে বাড়ি হওয়ায় নৌবাহিনীর সদস্যদের কাছে অভিযোগ জানালেও তৎক্ষণাৎ কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

মৃদুল চন্দ্র দাস ও তার স্ত্রী বলেন, ভোটেরদিন একদল অস্রধারী লোক হঠাৎ তাদের ঘরের সামনে এসে বলে-  তোদের ঘরে ধানের শীষের লোক আছে। এই বলে ঘরের চারদিকে রামদা দিয়ে কোপাতে থাকে। লাথি দিয়ে দরজা ভেঙে ফেলে। আমাদের বিয়ের উপযুক্ত তিনটি মেয়ে থাকায় তাদেরকে রেখে ঘর ছেড়ে চলেও যেতে পারিনি।

প্রত্যক্ষদর্শী পল্লী চিকিৎসক খনেশ দাস বলেন, ভোটকেন্দ্র চারু বালা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমাদের ঘরের পাশে। তাই হামলাকারীরা দ্রুতই বাড়িতে ঢুকে আক্রমণ করে। ওই ঘরে হামলা করে আর আমাকে তারা অস্র দেখিয়ে হুমকি দিয়েছিল। প্রশাসন কেন্দ্রের সিসি ক্যামেরা তল্লাশি করলেও সেসব অপরাধীকে চিহ্নিত করতে পারবে। আমি এখনো তাদের ভয়ে হাটেবাজারে যেতে পারছিনা।

অন্যদিকে গতরাতে চরইশ্বর ইউনিয়নের মুলা মার্কেটে হাজি কামাল সর্দারের সাতটি ঘর দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাঁয় হয়ে যায়। এসময় একটি গাড়ি ও দুটি সিএনজিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কামাল সর্দার দাবি করেন, তার ছেলেরা শাপলা কলির ভোট করেছে। তবে তিনি কোনো দল করেননি। অথচ গতকাল এনসিপির চার-পাঁচজন তাকেসহ কয়েকজনকে দেখিয়ে দেওয়ার হুমকি দেয়। আর এরপর ভোররাতে আগুনের ঘটনা ঘটে।

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম বলেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। তিনি জানান, কিছু ঘটনা স্থানীয়ভাবে সামাজিক সমঝোতার মাধ্যমে মীমাংসা হচ্ছে বলেও পুলিশ জানতে পেরেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।