গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জাটকা ইলিশ রক্ষা ও সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং এক জেলেকে আটক করেছে যৌথ অভিযান দল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম ও দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহার নেতৃত্বে পদ্মা নদীর দৌলতদিয়া কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নদী থেকে প্রায় ১ লাখ ৩শ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় ৫ কেজি জাটকা ইলিশ মাছও উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয় এবং কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে মো. শাহ আলম শেখ (২০) নামে এক জেলেকে আটক করা হয়েছে। তিনি উপজেলার দৌলতদিয়া আইনুদ্দিন প্রামানিকের পাড়ার বাসিন্দা মো. হিরু শেখের ছেলে।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, আটক জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

