শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় এক বৃদ্ধকে হত্যা মামলার বাদী পরিবারকে মামলা তুলে নেওয়া ও দেশত্যাগের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে দাবি করেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মামলার বাদী আলতাফ আলী। এ সময় তার ভাতিজা আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আলতাফ আলী জানান, তাদের পৈত্রিক ৮৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একই এলাকার নবাব আলী ও মর্জিনা বেগমসহ কয়েকজন তাদের জমি দখলের চেষ্টা করলে বাধা দিতে গেলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেন (মামলা নং-৬০৯ সি/২০২৪)। ওই মামলার প্রধান সাক্ষী ছিলেন তার বড় ভাই ইয়াকুব আলী।
তিনি অভিযোগ করেন, সাক্ষ্য দেওয়া ঠেকাতে পরিকল্পিতভাবে ২০২৪ সালের ৮ ডিসেম্বর সকালে মাঠ থেকে বাড়ি ফেরার পথে ইয়াকুব আলীর ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে থানায় হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নং-১৫৮ সি/২০২৫)।
বাদী দাবি করেন, ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে বুকের পাঁজরে ভোঁতা আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে উল্লেখ রয়েছে এবং এটিকে স্পষ্ট হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপরও আসামিরা মামলা তুলে নেওয়া ও সপরিবারে দেশত্যাগের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী পরিবার দ্রুত আসামিদের গ্রেফতার ও তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলী বলেন, মামলার চার্জশিট দেওয়া হয়েছে। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা এলে আসামিদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.