ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ধোবাউড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান সোহাগ। তিনি ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা-এর সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান এবং একাডেমিক সুপারভাইজার নুরুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আনিসুর রহমান সোহাগের এ অর্জনে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সঞ্চার হয়েছে।

