যশোর প্রতিনিধি
যশোরে এক যুবকের পেটের ভেতর থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আটক মাসুদ রানা (২০) শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক্স-রে করলে তার পেটের ভেতরে ইয়াবার উপস্থিতি শনাক্ত করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এক যুবক ইয়াবাসহ যশোর হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা মণিহার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মাসুদ রানাকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেন, তার পেটের ভেতরে আনুমানিক ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে, যা তিনি কক্সবাজার থেকে নিয়ে আসছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সকালে তাকে র্যাবের পাহারায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে তার পেট থেকে ইয়াবা ট্যাবলেট বের করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.