মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সোনাপুরা এলাকায় সরকারি খালের ওপর পাকা দোকানঘর নির্মাণ ও লাইসেন্সবিহীন রাসায়নিক সার বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী শফিক ফকিরের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুরা গ্রামের তহম আলী ফকিরের ছেলে শফিক ফকির দীর্ঘদিন ধরে খেয়াঘাট এলাকায় মুদি ব্যবসা পরিচালনা করছেন। একই স্থানে মুদি পণ্য, সবজি, রাসায়নিক সার এবং কীটনাশক বিক্রি করছেন তিনি। যদিও কীটনাশকের জন্য তার লাইসেন্স রয়েছে, সার বিক্রির বৈধ লাইসেন্স নেই। তবুও নিয়মনীতি উপেক্ষা করে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার বিক্রি করে আসছেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, সম্প্রতি তিনি সরকারি খালের ওপর পাকা দোকানঘর নির্মাণ করেছেন, যা সম্পূর্ণ বেআইনি। পাশাপাশি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করার কারণে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
এ বিষয়ে জানতে চাইলে শফিক ফকির স্বীকার করেছেন যে তার সারের কোনো বৈধ লাইসেন্স নেই। তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, “অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা সরকারি খাল উদ্ধার এবং কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.