ফরিদপুর প্রতিনিধি
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরের সদরপুরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
এছাড়াও উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, এবারের একুশে ফেব্রুয়ারি পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের একসঙ্গে শ্রদ্ধা জানানো একটি ইতিবাচক দৃষ্টান্ত, যা ভবিষ্যতে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চাকে আরও সুদৃঢ় করবে।
বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সদরপুরে অমর একুশে ফেব্রুয়ারি পালিত হয়।

