মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরের মতো ভাষা শহীদদের আত্মত্যাগই বাঙালির স্বাধিকার আন্দোলনের ভিত্তি গড়ে দেয়, যা পরবর্তীতে স্বাধীনতার পথ প্রশস্ত করে এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের পথ প্রদর্শন করে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭৩ মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।
সভা শুরুতে দুইজন শিক্ষার্থী ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তাদের মতামত ব্যক্ত করেন এবং আরও দুজন শিক্ষার্থী ভাষা আন্দোলন উপজীব্য কবিতা আবৃত্তি করেন। বক্তারা জানান, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ বাঙালির সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয়, এবং এই চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা অত্যন্ত জরুরি।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, উপপরিচালক স্থানীয় সরকার মৌসুমী মাহবুব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো: হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, সরকারি হরগঙ্গা কলেজ ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষবৃন্দ, যুগ্ম পরিচালক এনএসআই, জুলাই যোদ্ধাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভার শেষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.