ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনাজপুর-৬ আসনে প্রথম সরকারি সফরে এসে উন্নয়নের দৃঢ় বার্তা দিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। দুপুর ২টায় ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সামাজিক নিরাপত্তা ও মানবিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন। আয়োজন করে ঘোড়াঘাট উপজেলা প্রশাসন।
গত ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে শপথ গ্রহণের পর একসাথে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তাঁর নির্বাচনী এলাকায় প্রথম সরকারি সফর। ফলে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে ছিল বিশেষ উৎসাহ-উদ্দীপনা। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর প্রশাসক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, দিনাজপুর-৬-কে সামাজিক নিরাপত্তা ও মানবিক উন্নয়নের মডেল আসনে পরিণত করা হবে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাতৃত্বকালীন ভাতা—এসব কর্মসূচি প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি। ফ্যামেলি কার্ড প্রদান সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কথাও জানান এবং রাজনৈতিক প্রভাবমুক্ত সুবিধা বিতরণে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ঘোড়াঘাট ও আশপাশের এলাকায় নারী উদ্যোক্তা সৃষ্টি, কিশোরী ক্লাব শক্তিশালীকরণ এবং শিশু সুরক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। গ্রামীণ নারীদের ক্ষুদ্র ঋণ, প্রশিক্ষণ ও বাজার সংযোগের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধিরা সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিস্তারের দাবি জানান। জবাবে মন্ত্রী আশ্বাস দেন, অগ্রাধিকারভিত্তিতে প্রকল্প গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে দ্রুত বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, “দিনাজপুর-৬ আমাকে যে আস্থা দিয়েছে, তার প্রতিদান হবে দৃশ্যমান উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করার মাধ্যমে।”
মহান শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। একই সঙ্গে বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নয়—মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সামাজিক সমতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
প্রথম সফরেই আত্মবিশ্বাসী অবস্থান থেকে উন্নয়নের বার্তা দিয়েছেন মন্ত্রী। এখন দিনাজপুর-৬, বিশেষ করে ঘোড়াঘাটবাসী তাকিয়ে আছে—প্রতিশ্রুত উন্নয়ন কত দ্রুত বাস্তবে রূপ নেয়।

