বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে সুলভ মূল্যে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবির ৫টি ডিলারের মাধ্যমে বকশীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে ৫৯০ টাকার প্যাকেজে পণ্য বিতরণ করা হয়।
এই প্যাকেজে প্রতিটি পরিবারের জন্য ছিল সয়াবিন তেল, খেজুর, চিনি, ছোলা ও মশুর ডাল। এ কার্যক্রমের মাধ্যমে মোট ২ হাজার পরিবার উপকৃত হয়েছে। বিক্রয়ের সময় উপজেলা প্রশাসনের মনোনীত তদারকি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত তদারকি কর্মকর্তা মোহাম্মদ খায়রুল বাশার রাজু বলেন, “সরকার টিসিবির পণ্য ট্রাক সেলের মাধ্যমে সরবরাহ করছে যাতে সাধারণ মানুষ রমজানের সময় সুলভ মূল্যে প্রয়োজনীয় পণ্য পেতে পারে।”
ভোক্তারা সরকারী উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করেন এবং বলেন, “যদি আরও বেশি পরিবারের মাঝে এই পণ্য বিতরণ করা যেত, তবে আরও বেশি মানুষ উপকৃত হতো।”

