মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে আওয়ামী লীগের কার্যালয়ের কার্যক্রম সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ওই কার্যালয়ে তালা দিয়েছে এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার দুপুর আড়াইটার দিকে এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বীরতারা ইউনিয়নে অবস্থিত ওই কার্যালয়ে গিয়ে তালা ঝুলিয়ে দেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং কার্যালয়ের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান।
ভিডিও ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি কার্যালয় চালুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও হিসেবে ছড়িয়ে পড়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ছড়িয়ে পড়া ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি অফিসের ভেতরে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে কয়েকজন কিশোর-তরুণকে নিয়ে দলীয় স্লোগান দিচ্ছেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, স্লোগানদানকারী ওই ব্যক্তির নাম সাব্বির, যিনি বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ভিডিওটি ইউনিয়নের একটি শাটার লাগানো দোকানঘরের ভেতরে ধারণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হলেও, ঘটনাটি ঠিক কবে ঘটেছে তা নির্দিষ্টভাবে জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, ছবিগুলো টাঙানোর পরপরই সাব্বির নামের ওই ব্যক্তি কয়েকজন কিশোর-তরুণকে নিয়ে দলীয় স্লোগান দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয় এনসিপি নেতাকর্মীরা।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, ঘটনাটি কখন ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ভিডিওতে দেখা স্থানটি একটি শাটারযুক্ত দোকানঘর। অভিযুক্ত সাব্বির দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।
ঘটনার সত্যতা যাচাই ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.