মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
ইনসিডিন বাংলাদেশ-এর আয়োজনে ও ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) সক্ষমতা বৃদ্ধি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হাড়িদাহ এডামসের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়। ডিজিটাল পরিসরের সুযোগকে কার্যকরভাবে কাজে লাগানো এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে শিশু ও তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সক্ষমতা বৃদ্ধিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) সমূহকে শক্তিশালী করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো—রংধনু নারী উন্নয়ন সংস্থা, গাড়ফা পল্লী সমাজ নারী উন্নয়ন সংস্থা, গাড়ফা স্বপ্ন সিঁড়ি যুব মহিলা উন্নয়ন সংস্থা, আটজুড়ী নারী উন্নয়ন সংস্থা ও কোদালিয়া নারী উন্নয়ন সংস্থা। এসব প্রতিষ্ঠানের মোট ২০ জন প্রতিনিধি প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
আয়োজক সূত্র জানায়, তিন দিনব্যাপী এ কর্মশালায় ডিজিটাল নিরাপত্তা, অনলাইন প্ল্যাটফর্মে কার্যকর যোগাযোগ কৌশল, শিশু ও তরুণদের অধিকার সংরক্ষণ, সংগঠন পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং প্রকল্প বাস্তবায়নে দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও ব্যবহারিক সেশন অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা স্থানীয় পর্যায়ে শিশু ও তরুণদের জন্য নিরাপদ ও সহায়ক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রশিক্ষণ কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন প্রকল্প পরিচালক এডভোকেট মো. রফিকুল আলম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.