দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান আতার বিরুদ্ধে অবৈধ সম্পদ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলা দায়ের করেন। দুদকের আইনজীবী এ্যাড. আব্দুল মান্নাফ জানিয়েছেন, অর্থ আত্মসাতের অভিযোগে মামলা নং-০৫ তাং ২৩/০২/২০২৬ দাখিল করা হয়েছে। মামলাটি জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক তপন রায়ের আদালতে দাখিল করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, আতাউর রহমান আতা (৫০) রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে মোট ১০ কোটি ৯ লক্ষ ৬৮ হাজার ৯৪১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তা নিজ ভোগদখলে রেখেছেন। এটি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ও ২৬(২) ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ।
দুদক সূত্রে জানা গেছে, ইতিপূর্বে সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার স্ত্রী শাম্মীয়ারা পারভীন-এর বিরুদ্ধে দুদক মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় আতাউর রহমান আতা এবং তার স্ত্রী ২০২৪ সালের ৪ এপ্রিল সরাসরি জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।

