সিরাজগঞ্জ প্রতিনিধি
পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিভিন্ন হোটেল ও দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা নিরাপদ খাদ্য কার্যালয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মেঘাই পুরান বাজারে হোটেল, মুদিদোকান, বেকারি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানগুলো তদারকি করা হয়। অভিযানে সান্ত্বনা হোটেলের মালিককে নানা অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭, ৩৯ ও ৪৩ ধারায় ৩০ হাজার টাকা এবং জাহাঙ্গীর হোটেলের মালিক জাহাঙ্গীরকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানকালে হোটেল দুটির পোড়া তৈল, বাসি ইফতারি ও ক্ষতিকর খাদ্য উপাদান জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানে অংশ নেন সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার আতিকুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম রন্টি, কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখার সহসভাপতি মোঃ সেলিম রেজা ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া বলেন, “মানসম্পন্ন পণ্য সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

