যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহিনুর রহমান শাহিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত শাহিন চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি দুই শিশু সন্তানের জনক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের নিজ দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে কুঠিপাড়া মোড়ে দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন শাহিনুর রহমান শাহিন। এসময় পেছন থেকে স্থানীয় সন্ত্রাসীরা এসএস পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় ভর্তি হওয়ার পর বুধবার ভোরে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, ৭২ ঘণ্টা না পার হলে কিছু বলা যাবে না। তবে ৭২ ঘণ্টা অতিক্রম করলেও তার জ্ঞান ফেরেনি। অবশেষে সোমবার সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় শাহিনুর রহমান শাহিনের মৃত্যুর খবর শুনেছি। তবে এখনো সংশ্লিষ্ট ডকুমেন্টস পাওয়া যায়নি এবং পরিবারের পক্ষ থেকেও কোনো লিখিত অভিযোগ করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.