শফিকুল ইসলাম সাফা,চিতলমারী (বাগেরহাট)
বাগেরহাটের চিতলমারী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান। তিনি বলেন, সরকারি কর্মকর্তারা নিয়মের বাইরে কোনো কাজ করবেন না। নিয়মবহির্ভূত কাজ যদি আমার পক্ষ থেকেও হয়, তবুও আপনারা তা গ্রহণ করবেন না—এ কথা স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি।
তিনি আরও বলেন, প্রতিটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই জনগণের সেবা নিশ্চিত করতে হবে। দপ্তরের সব সেবা যেন দুর্নীতির ঊর্ধ্বে থেকে যথাযথভাবে এবং দ্রুততার সঙ্গে ভুক্তভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে। সাধারণ মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে প্রশাসনকে আরও মানবিক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে উপজেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, ওসি মো. নজরুল ইসলাম, শেরে বাংলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম অপু, মহিলা দলের সভানেত্রী রুনা গাজী, উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্নাসহ বিভিন্ন সরকারি দপ্তরের বিভাগীয় প্রধানরা।

