নিজস্ব প্রতিবেদক,গাজীপুর
গাজীপুরের রাজবাড়ী মাঠে জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে চার দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির।
মেলা ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫.৩০টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় অংশগ্রহণ করেছে দেশের স্বনামধন্য প্রায় দেড় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান, যেখানে ১০ হাজারের বেশি বই উপস্থাপন করা হয়েছে। বইমেলায় শিশু-কিশোর সাহিত্য, মননশীল গ্রন্থ, ইতিহাস, দর্শন, বিজ্ঞান, আত্মউন্নয়ন ও সমসাময়িক বিষয়ক নানা প্রকাশনা রয়েছে।
২৬ ফেব্রুয়ারি মেলা প্রাঙ্গণে শিশু থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে। গাজীপুর জেলার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে।

