জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর একাডেমিক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা–২০২৬। ধর্মীয় ভাবগাম্ভীর্য, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও পারস্পরিক শ্রদ্ধাবোধে আয়োজিত এ অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিণত করে এক মিলনমুখর মানবিক সমাবেশে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার এবং জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ রোকনুজ্জামান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য ড. মো. মোশারফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সিজার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “দল-মত নির্বিশেষে জাবিপ্রবি আমাদের সবার প্রিয় প্রতিষ্ঠান। উপাচার্য, প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, উন্নত ও দৃষ্টিনন্দন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। সামনে আমাদের অনেক কাজ রয়েছে।”
অন্যান্য অতিথিরাও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, একাডেমিক পরিবেশের মানোন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতির জন্য উপাচার্য, প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
ইফতারের আগে দেশ, জাতি, শিক্ষাঙ্গন ও বিশ্ববিদ্যালয়ের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
এই আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ ছিল না; বরং তা ঐক্য, সৌহার্দ্য ও উন্নয়নচেতনায় গড়ে ওঠা এক মানবিক মিলনমঞ্চে পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.