টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
টুঙ্গিপাড়া উপজেলায় শারীরিক নির্যাতন চালিয়ে ও বিষপানে হত্যার অভিযোগ উঠেছে নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নী (১৮) নামে এক নববধূর মৃত্যুকে ঘিরে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবার জানায়, একই গ্রামের জাফর খানের ছেলে আরিফ উল্লাহ খানের সঙ্গে তন্নীর প্রেমের সম্পর্ক ছিল। প্রায় ১৫ দিন আগে দেখা করতে গেলে স্থানীয়রা তাদের ধরে বিয়ে দিয়ে দেন। বিয়ের পর থেকে স্বামীর বাড়িতে তন্নীকে নেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের।
নিহতের বাবা জাহাঙ্গীর খান বলেন, গত রোববার তন্নী নিজ ইচ্ছায় শ্বশুরবাড়িতে গেলে পরদিন সকালে বাড়িতে এসে জানায়, তার নামে থাকা দুই বিঘা জমি লিখে দিতে চাপ দেওয়া হচ্ছে। পরে আবার শ্বশুরবাড়িতে ফিরে যায় সে। মঙ্গলবার সকালে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে বিষ খাওয়া অবস্থায় তাদের বাড়ির সামনে ফেলে রেখে যায় বলে অভিযোগ করেন তিনি।
পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ এবং পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের দাবি, তন্নীকে শারীরিক নির্যাতনের পর জোরপূর্বক বিষপান করিয়ে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

