শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া গ্রামে একটি চলমান মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত করার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ঘের মালিক অলিউর রহমান মোড়ল।
অলিউর রহমান মোড়ল অভিযোগ করে জানান, তার পিতা মুনসুর আলী মোড়লের নামে পোড়াকাটলা মৌজার এসএ ১৩৬ নং খতিয়ানে এসএ ১০৪৪ দাগে ২ একর ৩৭ শতক জমি ভুলবশত বিএআরএস ১/১ খতিয়ানে ৩৫২৬ দাগে রেকর্ড হয়। পরবর্তীতে তার পিতা ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল সাতক্ষীরা -এ ১নং বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক, সাতক্ষীরা এবং ২নং সহকারী কমিশনার (ভূমি), শ্যামনগরকে বিবাদী করে ২৩১৩/২৩ নং রেকর্ড সংশোধনী মামলা দায়ের করেন।
মামলার রায়ে গত ২১ অক্টোবর ২০২৫ তারিখে বিজ্ঞ বিচারক রেকর্ড সংশোধনের নির্দেশ প্রদান করেন বলে জানান তিনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, উক্ত জমিতে তার চলমান মৎস্য ঘেরে বুড়িগোয়ালিনী গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে লিয়াকত মোড়ল এবং দাতিখালি গ্রামের মৃত নিয়ামত আলী মোড়লের ছেলে নুর মোহাম্মদ মোড়ল গং প্রকাশ্যে ও গোপনে হুমকি দিয়ে আসছেন। তারা ঘেরে বিষ প্রয়োগ, রাস্তা কেটে দেওয়া এবং ঘেরের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বলে দাবি করেন অলিউর রহমান।
বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন উল্লেখ করে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

