দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় শাহ জামাল (৪৫) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ জামাল কুষ্টিয়া শহরে ভবন নির্মাণের ঠিকাদারি পেশার সঙ্গে জড়িত ছিলেন। ঠিকাদারি কাজের সুবাদে তিনি কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার বাড়ি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার চরসিতাই ঝাড় গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাদ্দাম বাজার এলাকা থেকে উদিবাড়ি যাওয়ার পথে মোটরসাইকেলে রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে শাহ জামাল ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হন।
স্থানীয়রা অভিযোগ করেন, রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকাবাসী বিক্ষোভ করে দ্রুত সেখানে গেট ও গেটম্যান নিয়োগের দাবি জানান।
পোড়াদহ জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক নাছির উদ্দীন জানান, ট্রেনের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

