আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক দেবহাটা উপজেলা প্রশাসনের সকল সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির হোসেন, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুলমুনতাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ। এছাড়া সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল ও নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক নিজেকে জনগণের একজন খেদমতকারী হিসেবে উল্লেখ করে বলেন, সকল ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী সকল কাজ সম্পন্ন করে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এলাকার উন্নয়ন সম্ভব। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

