ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার গ্রামবাংলার পথে-ঘাটে, বাগানে, আঙিনায় ও পুকুরপাড়ে এখন আমগাছের মুকুলে মুকুলে অপরূপ সাজ। হালকা রোদ আর মিঠে বাতাসে দুলছে আমের ফুলের থোকা। চারদিকে ছড়িয়ে পড়েছে মিষ্টি সুবাস। মনে হয়, আমের ফুলই যেন বসন্তকে হাতছানি দিয়ে ডেকে আনছে।
সাধারণত জানুয়ারির শেষ ভাগ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত আমগাছে ফুল ফোটে। এ সময় মৌমাছির আনাগোনা বেড়ে যায় এবং ফুলে ফুলে তাদের ব্যস্ততা শুরু হয়। প্রাকৃতিক পরাগায়নের মাধ্যমে গাছে ফলন ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হয় বলে জানান স্থানীয় চাষিরা।
গ্রামবাংলার অনেক পরিবার ঘরের আঙিনায় শখ করে আমের চারা লাগান। আবার কেউ কেউ বাণিজ্যিকভাবে আম চাষ করছেন। স্থানীয়ভাবে উন্নত জাতের মধ্যে বোম্বাই ও হাড়িভাঙ্গা আম উল্লেখযোগ্য। মৌসুমে বাজার ভালো থাকলে সাধারণ আমের দাম প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত পাওয়া যায়, যা চাষিদের জন্য লাভজনক বলে জানান ঘোড়াঘাট উপজেলার আমচাষি নজরুল ইসলাম ও মজিবর রহমান। তারা আশা করছেন, অনুকূল আবহাওয়া থাকলে এবার আমের ফলন ভালো হবে।
আমে রয়েছে ভিটামিন এ ও সি-সহ নানা পুষ্টিগুণ। তবে পুষ্টিগুণের পাশাপাশি এ সময় আমের ফুলের সৌন্দর্যও সবার দৃষ্টি আকর্ষণ করে। ছোট ছোট শিশুরা আমের ফুল কানে বা চুলে গুঁজে নেয়, এতে গ্রামবাংলা যেন সাদা-হালকা সবুজ অলংকারে সেজে ওঠে।
ফুলে ভরা আমগাছের দিকে তাকালে মনে হয় প্রকৃতি তার নিজস্ব ক্যানভাসে এঁকে দিয়েছে স্বপ্নের ছবি। আমের ফুলের সুবাসে মোহিত হয়ে উঠেছে ঘোড়াঘাট উপজেলা। বসন্ত যেন আমের ফুলের ডাল ছুঁয়েই পথ খুঁজে নেয়। এই অপরূপ দৃশ্য দেখতে বারবার ফিরে আসতে ইচ্ছে করে প্রকৃতিপ্রেমীদের।

