মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রেজাউল ইসলাম (৪৮) মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৫ নভেম্বর নিজ বাড়িতে স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন রেজাউল ইসলাম। ঘটনার পর বিষয়টি স্বাভাবিক মৃত্যু বলে চালানোর চেষ্টা করা হয় এবং লাশ গোপনেরও উদ্যোগ নেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ শ্বাসরোধে হত্যা বলে প্রমাণিত হয়। এছাড়া প্রতিবেশী ও স্বজনদের সাক্ষ্য এবং আদালতে দেওয়া অভিযুক্তের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।
আদালতে দেওয়া জবানবন্দিতে রেজাউল ইসলাম দাবি করেন, বিয়ের দীর্ঘদিন পর স্ত্রীর পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জের ধরে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছে এবং আদালতের এ রায় একটি দৃষ্টান্তমূলক বিচার হিসেবে বিবেচিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.