শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খননের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে দিন-রাত মাটি কাটার কাজ চলায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। মাটি বহনের জন্য ড্রাম ট্রাক চলাচলে গ্রামীণ সড়ক ভেঙে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
সরেজমিনে দেখা যায়, শেরপুর পৌরশহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত খোট্টাপাড়া গ্রামে গত দুই মাস ধরে প্রায় ১২ বিঘা আবাদি জমিতে পুকুর খনন চলছে। ড্রাম ট্রাক চলাচলের কারণে সাধুবাড়ি থেকে ঘোলাগাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পাকা সড়কের পিচ-পাথর উঠে গেছে। এছাড়া খোট্টাপাড়া গ্রামের প্রায় এক কিলোমিটার ইটের রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে অন্তত পৌনে দুই কোটি টাকা ব্যয় হতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিন-রাত ট্রাক চলাচলের শব্দ ও ধুলোবালিতে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একটি কালভার্ট ভেঙে যাওয়ায় আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কাও করছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় যুবক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ করেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি।
অভিযুক্ত মৎস্যচাষি মো. মাসুদ দাবি করেন, তিনি নিজের জমিতে মাছ চাষের উদ্দেশ্যে পুকুর খনন করছেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাকে কোনো বাধা দেওয়া হয়নি।
এ বিষয়ে মির্জাপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা স্বপ্না পারভিন জানান, বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর অবহিত করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, এর আগে অভিযান চালিয়ে দুটি ব্যাটারি জব্দ করা হয়েছিল। নতুন করে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, আবাদি জমির শ্রেণি পরিবর্তন আইনত দণ্ডনীয় অপরাধ। অনুমোদনহীনভাবে পুকুর খননের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.