নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো তিন দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা নান্দাইলে এসেছেন ইয়াসের খান চৌধুরী। বৃহস্পতিবার সফরের প্রথম দিনে প্রতিমন্ত্রী নান্দাইলে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
জেলা পরিষদ ডাক বাংলোয় পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত এবং নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আল আমিন প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে দলীয় নেতাকর্মীরাও তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান।
সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী প্রথমেই নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন করেন এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের উন্নয়নে নান্দাইলসহ সারা দেশের গণমাধ্যমকর্মীদের জন্য কাজ করতে চান। তিনি বলেন, পেশাদারিত্ব ও আধুনিকায়নের লক্ষ্যে সাংবাদিকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান মিন্টু এবং অধ্যাপক মাহবুবুর রহমান বাবুলসহ অন্যান্যরা। এ সময় নান্দাইল ও গফরগাঁও প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই দিনে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে প্রশাসনের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

