মো. হাসিবুল আলম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নর কালিয়ান পাড়া গ্রামের কাঠমিস্ত্রি চাঁন মাহমুদ আজ জীবনের কঠিন এক বাস্তবতার মুখোমুখি। একসময় নিজের পরিশ্রমে সংসার চালানো মানুষটি এখন চিকিৎসা ব্যয় ও অনিশ্চয়তার ভারে দিশেহারা।
কাজ করতে গিয়ে হঠাৎই দুর্ঘটনার শিকার হন তিনি। কাঠের কাজের সময় একটি জিআই তার চোখের ভেতর ঢুকে গুরুতর জখম করে। তাৎক্ষণিক চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত তার একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, বাকি চোখটি রক্ষায় জটিলতা এড়াতে জরুরি ভিত্তিতে বড় একটি অপারেশন প্রয়োজন। তবে সেই অপারেশনের ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
এর আগেই বড় ছেলেকে বিদেশে পাঠাতে গিয়ে প্রতারক চক্রের খপ্পরে পড়ে প্রায় ১০ লাখ টাকা হারান চাঁন মাহমুদ। সেই ক্ষতির ধাক্কা সামলাতে না সামলাতেই নতুন করে নেমে আসে আরও বড় বিপর্যয়।
তার স্ত্রী জহুরা আক্তারের দুটি কিডনিই বিকল হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন নিজেই শারীরিকভাবে ভেঙে পড়েছেন, তখন পুরো পরিবার মানবেতর জীবনযাপন করছে।
চাঁন মাহমুদ বলেন, “চিকিৎসার টাকা জোগাড় করতে পারছি না। স্ত্রীকে বাঁচাতে ও নিজের চোখের অপারেশন করাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা চাই।”
এ অবস্থায় তিনি দেশ-বিদেশের প্রবাসী ও সামর্থ্যবান ব্যক্তিদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা পেলে পরিবারটি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
সহায়তা পাঠানোর ঠিকানা:
বিকাশ: ০১৮২৪-৬৮৭৫৪২
এছাড়াও সরাসরি গিয়েও সহযোগিতা করা যাবে বলে জানিয়েছেন স্বজনরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.