ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপ্টিক ট্যাঙ্কে সেন্টারিং খুলতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের মো. মোস্তফার ছেলে আরাফাত হোসেন (২২) এবং একই গ্রামের নুরুল হকের ছেলে সজিব (২৩)।
পুলিশ, নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট এলাকার জামাল উদ্দিনের মালিকানাধীন একটি নির্মাণাধীন ভবনে প্রায় এক মাস আগে একটি সেপ্টিক ট্যাঙ্ক নির্মাণ করা হয়। শনিবার দুপুরে ভবনের ঠিকাদার আবুল কাসেম ওই দুই শ্রমিককে ট্যাঙ্কের সেন্টারিং খোলার জন্য ডাকেন। দুপুর ১২টার দিকে তারা ট্যাঙ্কের ভেতরে প্রবেশ করলে সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং দুপুর দুইটার দিকে তাদের মরদেহ ট্যাঙ্ক থেকে বের করেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাঙ্কের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

