মনিরামপুর (যশোর) প্রতিনিধি
বাংলার দিগন্তজোড়া মাঠে এখন বোরো আবাদের সবুজ সমারোহ। কৃষকের ঘাম ও পরিশ্রমকে সার্থক করতে এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন নিশ্চিত ও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে যশোরের মনিরামপুর উপজেলায় শুরু হয়েছে নিবিড় মনিটরিং ও কারিগরি সহায়তা কার্যক্রম।
রবিবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় উৎসবমুখর চিত্র। বীজতলা তৈরি থেকে শুরু করে চারা রোপণ—প্রতিটি ধাপে কৃষকদের পাশে থাকছেন কৃষি কর্মকর্তারা। এদিন উপজেলার রোহিতা, খেদাপাড়া ও ঝাপা ইউনিয়নের বিভিন্ন সারের ডিলার পয়েন্ট পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর-এর উপপরিচালক মোঃ মোশাররফ হোসেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি রোধে ডিলার ও কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।
ডিলার পয়েন্ট পরিদর্শনকালে উপপরিচালক মোশাররফ হোসেন কঠোর ভাষায় সতর্ক করে বলেন, “বোরো আমাদের প্রধান লক্ষ্যমাত্রা। কোনো অসাধু চক্র যাতে সারের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে বা কৃষকের কাছ থেকে বাড়তি দাম নিতে না পারে, সে ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কেউ কারসাজি করলে সঙ্গে সঙ্গেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
মাঠ পর্যায়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহানাজসহ অন্যান্য কর্মকর্তারা। শুধু অফিসিয়াল তদারকিতেই সীমাবদ্ধ না থেকে কর্মকর্তারা কাদামাখা মাঠে নেমে কৃষকদের চারা রোপণ, সুষম সার প্রয়োগ ও সেচ ব্যবস্থাপনার খুঁটিনাটি বিষয়ে পরামর্শ দেন।
রোহিতা ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম বলেন, “আগে সারের জন্য অস্থিরতায় থাকতে হতো। এখন কৃষি অফিসাররা নিজেরাই দোকানে গিয়ে দাম যাচাই করছেন, আমাদের কাছে এসে পরামর্শ দিচ্ছেন। স্যারেরা মাঠে থাকলে আমরা ভরসা পাই।”
চলতি মৌসুমে মনিরামপুর উপজেলায় অন্তত ২৭ হাজার হেক্টরেরও বেশি জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মনিরামপুর উপজেলা কৃষি অফিসার মোছাঃ মাহমুদা আক্তার জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবং চলমান তদারকি অব্যাহত থাকলে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রেকর্ড পরিমাণ উৎপাদন সম্ভব হবে।
কৃষি বিভাগের এমন মাঠমুখী কার্যক্রমে আশাবাদী কৃষক ও সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকলে মনিরামপুরে এবার বোরো মৌসুমে মিলবে কাঙ্ক্ষিত সাফল্য।

