যশোর প্রতিনিধি
যশোরে হেরোইন রাখার মামলায় শহরের বেজপাড়া এলাকার এস্কেন্দারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক শাহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি আকতার হোসেন সিদ্দিক।
দণ্ডপ্রাপ্ত এস্কেন্দার যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। রায়ের সময় তিনি পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর রাত ৯টার পর গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ জানতে পারে, নাভারণ শহীদ মোড়ে এক ব্যক্তি হেরোইন নিয়ে যশোরগামী বাসের জন্য অপেক্ষা করছেন। এ তথ্যের ভিত্তিতে শার্শা থানার এসআই বাবুল আক্তার একটি টিম নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে এস্কেন্দার দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে দুটি পোটলায় মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা।
এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত শেষে এসআই মামুনুর রশিদ এস্কেন্দারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.