আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দাউদি বোহরা সম্প্রদায়। তাদের বৈশ্বিক জনকল্যাণমূলক উদ্যোগ ‘প্রজেক্ট রাইজ (Project Rise)’ এর আওতায় বান্দরবানের পার্বত্য উপজেলা আলীকদমের দুর্গম এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় উপজেলার মাংতাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। রমজানের সংযম, ত্যাগ ও সহমর্মিতার আদর্শকে সামনে রেখে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর ইফতার ও সাহরির চাহিদা পূরণে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
বিতরণকৃত প্রতিটি খাদ্য প্যাকেজে একটি পরিবারের রমজান মাসের প্রয়োজন মেটানোর মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। এর মধ্যে ছিল চাল ৭ কেজি, ডাল ১ কেজি, ভোজ্য তেল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, চিনি ১ কেজি, ছোলা ১ কেজি এবং আলু ২ কেজি। সব মিলিয়ে প্রতিটি পরিবারকে প্রায় ১৪ কেজি খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
দাউদি বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিরা জানান, ‘প্রজেক্ট রাইজ’ মূলত ক্ষুধামুক্তি, সুস্বাস্থ্য, শিক্ষা এবং পরিবেশ সংরক্ষণ—এই চারটি লক্ষ্যকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পার্বত্য অঞ্চলের দুর্গম জনপদে বসবাসকারী মানুষের পাশে দাঁড়াতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দা মো. আব্দুল করিম বলেন, রমজান মাসে পরিবারের জন্য খাবার জোগাড় করা অনেক সময় কঠিন হয়ে যায়। আজ যে খাদ্যসামগ্রী পেয়েছি, এতে কয়েকদিনের চিন্তা দূর হলো। যারা এই সহায়তা দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
আরেক বাসিন্দা মোছা. রহিমা বেগম বলেন, দুর্গম এলাকায় এমন সহায়তা খুব কমই আসে। রমজানের সময় এই খাদ্যসামগ্রী পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।
দাউদি বোহরা প্রতিনিধিরা বলেন, সমাজের কোনো মানুষ যেন অনাহারে না থাকে—এটাই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে পবিত্র রমজান মাসে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করাই এই উদ্যোগের উদ্দেশ্য।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.